আমরা দামী স্মার্টফোন বা গাড়ির যত যত্ন নেই। নিজের শরীরের কি ততটা নেই? ওয়ারেন বাফের মতে, আমাদের এই শরীরটাই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। একবার নষ্ট হলে আর রিপ্লেসমেন্ট পাওয়া যায় না। সফল মানুষেরা কেন স্বাস্থ্য নিয়ে এত সচেতন, তা জানতে পড়ুন আজকের এই লেখাটি।
শরীর আপনার সেরা বিনিয়োগ: ওয়ারেন বাফের এক অমূল্য শিক্ষা
বড় বড় ধনকুবেরদের আমরা চিনি তাদের অঢেল সম্পদের কারণে। কিন্তু আমরা কি জানি, এই সম্পদের চেয়েও তারা বেশি গুরুত্ব দেন কোন জিনিসটিকে? ইনভেস্টমেন্ট গুরু ওয়ারেন বাফে (অনেকেই ভুল করে বাফেট বলেন) একবার আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি সম্পদের হিসাব নয়, বরং দিয়েছিলেন জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগের পাঠ।
একটি গাড়ি এবং সারাজীবনের সঙ্গী
বক্তৃতার এক পর্যায়ে বাফে ছাত্রদের একটি প্রশ্ন করলেন:
“ধরা যাক, তোমাদের এমন একটি গাড়ি বেছে নিতে বলা হলো যা তোমরা সারাজীবন চালাবে। জীবনের পুরো সময়টাতে এই একটি গাড়িই তোমার সঙ্গী হবে, এটি বদলানোর কোনো সুযোগ নেই। তাহলে তুমি কোন গাড়িটি বেছে নেবে? আর সেই গাড়িটির যত্নই বা কীভাবে করবে?”
ছাত্ররা সমস্বরে উত্তর দিল, “তারা পৃথিবীর সেরা এবং সবথেকে টেকসই গাড়িটিই বেছে নেবে”। শুধু তাই নয়, সেটির ইঞ্জিন থেকে শুরু করে গ্লাস পর্যন্ত প্রতিটা পার্টস হবে তাদের কাছে অমূল্য। তারা অত্যন্ত সাবধানে সেটি চালাবে এবং নিয়মিত নিবিড় যত্ন নেবে।
সহজ এবং দ্রুত ন্যাচারাল ওজন কমানোর উপায়

বাফের সেই অমোঘ শিক্ষা
শিক্ষার্থীদের উত্তর শুনে বাফে মুচকি হাসলেন। এরপর তিনি মূল কথাটি বললেন: “What do you learn from this car for your body?”
একটি গাড়ি নষ্ট হলে মেরামত করা যায়। ইঞ্জিন বা গ্লাস বদলে নেওয়া যায়। কিন্তু আমাদের শরীর? আমাদের এই একটাই শরীর। যা নিয়ে আমাদের পুরো জীবনটা পার করতে হবে। শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে সেটি আর আগের মতো করা সম্ভব নয়। গাড়ি বদলানোর সুযোগ থাকলেও, শরীর বদলানোর সুযোগ নেই। তাই ভাবুন, এই শরীরটার প্রতি আপনার যত্ন কতটা গভীর হওয়া উচিত!
সফল ব্যক্তিরা কেন স্বাস্থ্য সচেতন?
আমরা যাদের আইকন মানি, তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের শরীরের প্রতি অসম্ভব যত্নবান। খেয়াল করে দেখুন:
-
জেফ বেজোস: আমাজনের প্রতিষ্ঠাতা হয়েও প্রতিদিন নিয়ম করে এক ঘণ্টা ওয়ার্কআউট করেন।
-
এলন মাস্ক: কাজের চাপে থাকলেও খাবারে রাখেন পর্যাপ্ত ‘সুপার ফুড’।
-
মার্ক জাকারবার্গ: নিয়মিত হেলদি স্মুদি খান এবং ফিটনেস বজায় রাখেন।
-
রিচার্ড ব্র্যানসন: ভোরে ঘুম থেকে ওঠা তাঁর সাফল্যের অন্যতম চাবিকাঠি।
এমনকি বিনোদন বা রাজনীতির জগতেও দেখুন— শাহরুখ খান বা সালমান খানের ফিটনেস রহস্য আমরা সবাই জানি। আবার আমাদের দেশে আয়মান সাদিক থেকে শুরু করে রেজা কিবরিয়া, প্রত্যেকেই নিজেদের খাদ্যাভ্যাস নিয়ে দারুণ সচেতন। শোনা যায়, রেজা কিবরিয়া ফিট থাকতে ভাত পর্যন্ত এড়িয়ে চলেন।
ওয়ারেন বাফে যেভাবে নিজের ভাগ্য বদলালেন

শেষ কথা
ওয়ারেন বাফের মতে, বিনিয়োগ মানে শুধু শেয়ার বাজার নয়; সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের শরীরের যত্ন নেওয়া। আপনার শরীর ঠিক থাকলে তবেই আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন।
গাড়িটি দামি হলে আমরা যেমন ব্যাকুল হয়ে সেটির যত্ন নেই, নিজের শরীরের প্রতি কি আমরা ততটা যত্নশীল? সিদ্ধান্ত এখন আপনার হাতে।
লেখক – সেলিম হোসেন – তাং – ০৮/০২/২০২৬ ইং – প্রতীকী ছবি গুলো এ আই জেনারেটেড।

